পূজনীয় শ্রীমহেন্দ্রনাথ দত্ত মহাশয়ের বহু অমূল্য পাণ্ডুলিপি এখনো অপ্রকাশিত রহিয়াছে। বর্তমান পুস্তকখানি সেগুলিরই অন্যতম। কয়েকজন শুভাকাঙ্ক্ষী ও সহৃদয় ব্যক্তির আগ্রহ ও সাহায্য ব্যতীত এই পুস্তকখানি আজ প্রকাশ করা কিছুতেই সম্ভবপর হইয়া উঠিত না। তন্মধ্যে, কলিকাতা কর্পোরেশনের ভূতপূর্ব কাউন্সিলর শ্রীরামচন্দ্র শেঠ, বি, এল, এবং প্রিয়ভাষী কর্মী ডাঃ শ্রীবঙ্কিমচন্দ্র শেঠ মহাশয়দ্বয়ের পরমারাধ্যা মাতৃদেবী শ্রীমতী নন্দরাণী শেঠ মহাশয়া অর্থসাহায্য দ্বারা আমাদিগের এই পুস্তক প্রকাশনের ব্যয়ভার বহুল অংশে লাঘব করিয়াছেন। এতদ্ব্যতীত, শ্রীবিধুভূষণ ঘোষাল, শ্রীশংকরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, শ্রীরমেশচন্দ্র মিত্র, শ্রীরবীন্দ্রনাথ মিত্র ও শ্রীযতিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, বি, এ, কাব্যসাংখ্যতীর্থ, মহাশয়গণ পুস্তকের পাণ্ডুলিপি প্রস্তুত, প্রুফ-সংশোধন ও আনুষঙ্গিক কার্যে বহু অধ্যবসায় ও ধৈর্য অবলম্বনপূর্বক নানাভাবে সাহায্য করিয়াছেন। শ্রীশচীন্দ্রনাথ সিংহ, এম.এ, শিল্পী শ্রীনির্মলকুমার দে ও মনোরঞ্জন দাস মহাশয়গণ বিভিন্ন বিষয়ে অতি আন্তরিকভাবে সাহায্য করিয়াছেন।
এই পুস্তকে সন্নিবিষ্ট শ্রীশ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমৎ স্বামী বিবেকানন্দের ছবি দুইখানি আমরা 'উদ্বোধন' কর্তৃপক্ষের সৌজন্যে এবং মহাত্মা রামচন্দ্র দত্তের ছবিখানি আমরা তাঁহার অন্যতম দৌহিত্র ডাঃ শ্রীসতীন্দ্রনাথ বসু মহাশয়ের সৌজন্যে প্রাপ্ত হইয়াছি। পরবর্তী ছবিখানি সম্বন্ধে এ স্থলে উল্লেখযোগ্য যে, মূল ফোটোখানি সামান্যমাত্র পরিবর্তিতরূপে মুদ্রিত করা হইয়াছে। 'কিশোর বাংলা'-র কর্তৃপক্ষের নিকটে আমরা কয়েকটি বিষয়ে সাহায্যলাভ করিয়া উপকৃত হইয়াছি। ক্যালকাটা ইউনাইটেড প্রিন্টার্স লিমিটেডের সুযোগ্য ম্যানেজার শ্রীমণীন্দ্রনাথ দে মহাশয়ও তাঁহার পরামর্শ-সাহায্যাদি দ্বারা আমাদিগের যথেষ্ট উপকার করিয়াছেন। পরিশেষে, ইহা বিশেষরূপে উল্লেখ করা প্রয়োজন যে, শ্রীধীরেন্দ্রনাথ বসু মহাশয়ের সম্পাদন ও তত্ত্বাবধান ব্যতিরেকে এই পুস্তকখানি বর্তমানে সুন্দর করিয়া প্রকাশ করিবার প্রয়াস আমাদিগের পক্ষে মোটেই সহজ হইত না। ইঁহাদিগের প্রত্যেকের প্রতি এবং আরও যে-সকল শুভাকাঙ্ক্ষী ও সুধীজন অলক্ষ্যে থাকিয়া এই পুস্তক প্রকাশনে নানাভাবে সাহায্য করিয়াছেন, তাঁহাদিগের প্রত্যেকের প্রতি, আমরা গুণমুগ্ধচিত্তে ঐকান্তিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। ইতি,
বিনীত
শ্রীপ্যারীমোহন মুখোপাধ্যায়
প্রথম সংস্করণ
১২ ফাল্গুন শুক্রবার, ১৩৫০
No comments:
Post a Comment